আজ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এস আলমের কারখানা খোলার দাবিতে শ্রমিকদের মিছিল, মইজ্যারটেক থেকে জেলা প্রশাসকের কার্যালয়

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের বন্ধ থাকা সব কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চাকরিচ্যুত শ্রমিকরা। কয়েক শতাধিক শ্রমিকের অংশগ্রহণে মিছিলটি মইজ্যারটেক থেকে শুরু হয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে যাত্রা করে। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেন শ্রমিকরা।সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলে শ্রমিকরা কারখানা চালুর দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কারখানাগুলো বন্ধ থাকায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। দ্রুত কারখানাগুলো চালু করে তাঁদের কর্মসংস্থানের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।শ্রমিকরা জানান, তাঁদের দাবি ও দুর্ভোগের বিষয়টি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে চান তাঁরা।
এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম গ্রুপের সিমেন্ট, ইস্পাত, সয়াবিন ও চিনিসহ ১০টিরও বেশি শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একে একে বন্ধ হয়ে যায় গ্রুপটির এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল। এতে বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, এস আলমের কারখানাগুলো চালুর দাবিতে শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর