সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় নুরুল আফসার (২৬) নামে এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ার উত্তর পাশে একটি বাগানবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগানবাড়ির একটি গাছের প্রায় ১৮ থেকে ২০ ফুট ওপরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নুরুল আফসার ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।নিহতের পারিবারিক জীবন নিয়ে স্থানীয়ভাবে নানা তথ্য ও অভিযোগ পাওয়া গেছে। তাঁর দুই স্ত্রী রয়েছেন বলে জানা গেছে। দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তারের অভিযোগ, তাঁদের দুই সন্তানকে নিয়ে বিরোধের পাশাপাশি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি থানায় অভিযোগও করেছিলেন। অন্যদিকে, প্রথম স্ত্রী হাসিনা বেগমের দাবি, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে নুরুল আফসারের কোনো যোগাযোগ ছিল না।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান ও উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। পরে সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, গাছের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Leave a Reply