আজ ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত অভিযানের দাবি

মোঃ সাইফুল ইসলাম কর্ণফুলী চট্টগ্রাম

সাবহেড: ওয়ার্ডভিত্তিক তালিকা করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার আহ্বান ।চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন, মাদকপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদারের দাবি জানিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন সাংবাদিকরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় কর্ণফুলী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক মতবিনিময় সভায় এসব দাবি ও মতামত উঠে আসে।
প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।সভায় কর্ণফুলী উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন। শুধু অভিযান পরিচালনা নয়, মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।তারা বলেন, প্রতিটি ওয়ার্ডের তথ্য সংগ্রহ করে মাদকপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করা সম্ভব। পাশাপাশি নিয়মিত অভিযান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তারা।বক্তাদের মতে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদি সুফল পাওয়া কঠিন। এ জন্য মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মোঃ জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এবং দৈনিক মানবকণ্ঠ ও প্রবাসী টিভির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর