আজ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মইজ্জারটেক আবাসিক এলাকা থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।অবরোধের ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা ও পরিবহন শ্রমিকরা।বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনায় প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।তৌহিদুল ইসলাম আরও বলেন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে চাকরিতে পূর্ণবহাল করতে হবে। ঢাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতেই তারা এ কর্মসূচি পালন করছেন।এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দেন।পরে ঘটনাস্থলে উপস্থিত হন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আমিরুল ইসলাম। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি-দাওয়া শোনেন এবং মহাসড়ক অবরোধ না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।ডিসি মোঃ আমিরুল ইসলাম বলেন, আপনারা আন্দোলন করবেন, এতে আমাদের কোনো সমস্যা নেই। তবে আন্দোলনের ধরন ভিন্ন হতে হবে। আমাদের কাজ হচ্ছে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের কোনো সমস্যা নেই। তবে সড়ক দখল করে আন্দোলন করা যাবে না।তিনি আরও বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো শোনা হয়েছে। বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সরকারের কাছে তাদের দাবিগুলো জানিয়ে দেওয়া হবে।পুলিশের আশ্বাস ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে প্রায় দুই ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় কিছু সময় যানজট ও জনভোগান্তি অব্যাহত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর