আজ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: জেলা প্রশাসক

মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)

কর্ণফুলীতে বিতর্ক উৎসবের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই জ্ঞান, যুক্তি ও দক্ষতায় নিজেদের প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুলভিত্তিক বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘জ্ঞানে-যুক্তিতে, স্বপ্নে-সাহসে, আগামী’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় দৌলতপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম-হাকিম হাই স্কুল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসক বলেন, আগে জ্ঞানচর্চার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা থাকলেও প্রযুক্তির কল্যাণে এখন তা অনেকটাই দূর হয়েছে। মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো স্থান থেকে জ্ঞান অর্জন করতে পারছে। ভবিষ্যৎ বিশ্ব আরও আধুনিক প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। তখন ঘরে বসেই বিশ্বের যেকোনো প্রান্তের সঙ্গে কাজ করা কিংবা মুহূর্তের মধ্যে বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, যুক্তিবোধ, চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি দিয়ে নিজের মতামত উপস্থাপন করতে শেখে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা অর্জন করে। ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতেও এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আমিরুল মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুদ্দীন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা ইয়াসির সিলমী এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জারিন সুবাহ্। বিতর্ক উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্কাউট, রোভার স্কাউট, সিপিপিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের চর্চাকে আরও উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর