আজ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারা তৈলার দ্বীপ সেতুর টোল বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

 চট্টগ্রাম কন্ঠ: ডেস্ক 

চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সংযোগস্থলে শঙ্খ নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল আদায়ের নতুন টেন্ডার প্রক্রিয়া বন্ধ এবং সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে ‘বাঁশখালী সচেতন নাগরিক সমাজ’। রবিবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী (মারুফ) জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে বলা হয়, তৈলারদ্বীপ সেতু নির্মাণের পর দীর্ঘদিন ধরে টোল আদায়ের মাধ্যমে সেতুর নির্মাণ ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে। এ সেতুর মাধ্যমে বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন।স্মারকলিপি প্রদানকালে মারুফুল হক চৌধুরী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এর মধ্যে সেতুর টোল আদায় যাতায়াত ব্যয় ও পণ্য পরিবহন খরচ আরও বাড়িয়ে দিয়েছে। সেতুর নির্মাণ ব্যয় বহু আগেই উঠে এসেছে। এরপরও সড়ক ও জনপথ বিভাগ পুনরায় টোল আদায়ের জন্য নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে এই জনস্বার্থবিরোধী টেন্ডার প্রক্রিয়া বন্ধের দাবি জানাচ্ছি।স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো— তৈলারদ্বীপ সেতুর টোল আদায়ের জন্য আহ্বান করা নতুন টেন্ডার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত ও বাতিল করতে হবে। দক্ষিণ চট্টগ্রামের মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা করতে হবে। টোল প্লাজায় সৃষ্ট যানজট ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।এ সময় বাঁশখালী সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দের মধ্যে অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট সরোয়ার কামাল, অ্যাডভোকেট হিরো আলম, আবু বকর সিকদার, হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল, আব্দুল ওয়াহেদ সুমনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর