মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় কিশোরগ্যাং, মাদক ব্যবসা, চুরি-ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে ‘সম্রাট গ্রুপ’ নামের একটি কিশোরগ্যাং পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।বুধবার (১৩ মে) কালাবিবির দিঘিস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয়রা অভিযোগ করেন, বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রাম এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। প্রকাশ্যে মাদক বিক্রি, চাঁদাবাজি, ছিনতাই, হামলা ও ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সম্রাট গ্রুপ নামে একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে তারা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে আসে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।তিনি আরও বলেন, গত ১০ মার্চ গ্রুপটির সদস্য মহিম হাসপাতাল মোড়ে একটি ছয়তলা ভবনে চুরি করতে গিয়ে নিহত হওয়ার পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ক্ষুব্ধ হয়ে গ্রুপটির সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগের গ্লাস, অ্যাম্বুলেন্স, দোকানপাট ও বসতবাড়িতে হামলা চালায়। এসময় শাকিল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলেও অভিযোগ ওঠে।বক্তারা দাবি করেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রুপটির প্রধান সম্রাট ও তার ফুফি রুবিসহ তিনজনকে গ্রেফতার করলেও সম্প্রতি জামিনে বেরিয়ে এসে তাদের স্বজনরা আবারও এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এমনকি স্থানীয় নিরীহ মানুষদের বিরুদ্ধে আদালতে একের পর এক “মিথ্যা মামলা” দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, আমরা কি এই দেশে নিরাপদে ব্যবসা করতে পারবো না? প্রতিদিন মাদকসেবী ও কিশোরগ্যাংয়ের ভয়ে থাকতে হয়। প্রতিবাদ করলেই হামলা-মামলার শিকার হতে হয়। প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।এলাকাবাসী অবিলম্বে ‘সম্রাট গ্রুপ’সহ সকল কিশোরগ্যাং ও মাদকচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানান। একই সঙ্গে এলাকায় স্থায়ী আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী,৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম, যুবদল নেতা মো. শাহজাহান, ছাত্রদল নেতা এইচ এম তারেকুল ইসলাম, শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা নিহাত উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
Leave a Reply