আজ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চুরাখালি এলাকায় অবস্থিত বোয়ালখালী সানশাইন একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম অর্থ সম্পাদক মাহফুজ রকি, সংগঠনের শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল শুক্ল দাশ, সাধারণ সদস্য ও সাহিত্যিক চট্ট রিয়াজ চৌধুরী। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুন নাহার, সিনিয়র শিক্ষিকা শাহিদা আক্তার, ফারহানা শারমিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ করার পাশাপাশি তাঁর যথাযথ পরিচর্যা করতে হবে।”বক্তারা আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর