আজ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জিইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জুনায়েত কাউছারকে আহ্বায়ক এবং পঞ্চম ব্যাচের মো. সারোয়ার জাহান খানকে সদস্যসচিব করা হয়েছে। প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটিতে রয়েছেন ২২ জন সদস্য।সম্প্রতি চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জিইবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি)। প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জুনায়েত কাউছার।কমিটির অন্য সদস্যরা হলেন- দ্বিতীয় ব্যাচের মো. মনিরুল ইসলাম, চতুর্থ ব্যাচের শিপন দাশ ও আল-আমিন, পঞ্চম ব্যাচের দীপেশ দাশ, ষষ্ঠ ব্যাচের আব্দুল মুত্তালিব হাবীব ও সাইদ মো. ইমরান, সপ্তম ব্যাচের আসমাউল হোসনা ও শিশির বিন্দু ধর, অষ্টম ব্যাচের ইশতিয়াক উদ্দিন আহমেদ, নবম ব্যাচের ফাহমিদা বিনতে ওয়ালী, দশম ব্যাচের নাসরিন জাহান টুম্পা ও মো. তৌসিফ রেজা, একাদশ ব্যাচের মো. মিফতাহ মুশাফিক, দ্বাদশ ব্যাচের সরওয়ার আলম, ত্রয়োদশ ব্যাচের পূর্ণতা বড়ুয়া ও শামস্ নূর পৌষী, চতুর্দশ ব্যাচের হোসাইন মোহাম্মদ বায়েজিদ, পঞ্চদশ ব্যাচের সানজিদা নাসরিন ও সায়েদ ওসমান সাঈদ নকিব এবং ষোড়শ ব্যাচের শেখ মো. তাহমিদ।সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ, গবেষণা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে একটি শক্তিশালী অ্যালামনাই প্ল্যাটফর্‌ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য দ্রুত সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু, সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, আনুষ্ঠানিক ওয়েবসাইট ও তথ্যভাণ্ডার তৈরি এবং বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়ে আলোচনা হয়।আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিভাগের অধ্যাপকদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। এতে বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকানসহ বিভাগের আটজন অধ্যাপককে অন্তর্ভুক্ত করা হয়।এ ছাড়া সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে একটি আনুষ্ঠানিক গ্রুপ ও তথ্যভাণ্ডার তৈরির সিদ্ধান্ত হয়। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় বিভাগের প্রয়াত তৃতীয় ব্যাচের আহসান হাবীব ও নবম ব্যাচের মুরশিদা আক্তারের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকপ্রস্তাব গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর