সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় খালার বাড়িতে যাওয়ার পথে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার মধ্যে দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী তার খালার বাড়িতে বেড়াতে গেলে রাতের দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে এ ঘটনার শিকার হন।এজাহারে উল্লেখ করা হয়, রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে অন্য অভিযুক্তরা বিষয়টি জানতে পেরে তাকে তাদের হেফাজতে নেয়। পরে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।ভুক্তভোগী তরুণী পরদিন সকালে নিজ বাড়িতে ফিরে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের সিদ্ধান্তে থানায় মামলা দায়ের করা হয়।মামলায় অভিযুক্ত চারজন হলেন—রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি। ইতোমধ্যে আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে এমন ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানান ।
Leave a Reply