চট্টগ্রাম কণ্ঠ : ডেক্স
২৫ আগস্ট ২০২৬ রোজ, মঙগলবার “সৃজনে আনন্দ”—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী । শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নান্দনিক বোধ জাগ্রত করা এবং সুন্দর মানস গঠনের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানে নিয়মিতভাবে সহপাঠ্যক্রমিক ক্লাব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আর্ট ক্লাবের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।আর্ট ক্লাবের আহ্বায়ক ও চারু ও কারুকলা বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াক-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতার অনন্য বহিঃপ্রকাশ ঘটে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তৈরি ৫৬৫টি হস্তশিল্প এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৬০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীটি সাজানো হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি সকাল ১০টায় উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে প্রদর্শনী পরিদর্শন করে। নিজেদের হাতে তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম প্রদর্শিত হতে দেখে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। তাদের চোখেমুখে ফুটে ওঠে সৃজনশীল কাজের প্রতি ভালোবাসা ও গর্বের অনুভূতি।শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি শিল্পের সৌন্দর্য ও নান্দনিকতা তাদের মননে বিকশিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।“শিল্পের সৌন্দর্যে বিকশিত হোক মন, সৃজনশীলতার রঙে রাঙিয়ে উঠুক আগামীর পৃথিবী”—এই প্রত্যাশায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
Leave a Reply