মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় হিফজুল কুরআন কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী ৪০ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে কুরআন শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আট শিক্ষককে দেওয়া হয়েছে নগদ অর্থ। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত পঞ্চম হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষকদের অবদানের স্বীকৃতি জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মারুফুল ইসলাম। সঞ্চালনা করেন আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল আজিজ ফয়সাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা মাওলানা মোকাদ্দাস হোসাইন তোরাবী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন মনজুর, শিক্ষানুরাগী জাকের হোসাইন ও সরওয়ার এবং সাংবাদিক খালেদ মনসুর ও সাইফুল ইসলাম। এ সময় মাদরাসার শিক্ষক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফজ ও ইসলামী শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। একইভাবে শিক্ষকদের সম্মাননা তাঁদের শ্রম, ত্যাগ ও আন্তরিকতার যথাযথ মূল্যায়ন।
তাঁরা আরও বলেন, হাফেজে কুরআনরা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি সমাজের সর্বস্তরে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে হিফজুল কুরআন ও ইসলামী শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
Leave a Reply