চট্টগ্রাম কন্ঠ : ডেস্ক
মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদ এবং সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সিআরএ নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিক যদি জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলায় গ্রেফতার হন, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না। বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।তারা অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীন, সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয় এবং সদস্য মো. মোস্তাফিজ, মো. রিয়াজ, মো. খোকন, সাহেদুর রহমান মোরশেদ, রকিব উদ্দীন আবির, নাসির উদ্দীন লিটন, মো. গিয়াস উদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
Leave a Reply