কর্ণফুলী প্রতিনিধি: ফারুক
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ কেজি বিভিন্ন আকারের লোহার স্ক্র্যাপ এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ইমরানুল হক (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে সদরঘাট নৌ পুলিশের একটি দল কর্ণফুলী নদীর ডাঙারচর দোনারখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি নৌকায় থাকা প্রায় ৮০০ কেজি লোহার স্ক্র্যাপ জব্দ করা হয় এবং নৌকাটি জব্দ করা হয়।আটক ইমরানুল হক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মোস্তাক আহমদের ছেলে।সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার করা স্ক্র্যাপের কোনো বৈধ কাগজপত্র বা চালান দেখাতে পারেননি আটক ব্যক্তি। এ কারণে স্ক্র্যাপগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও জানান, জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় শুক্রবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী নদীতে নোঙর করা বড় বড় জাহাজ থেকে স্ক্র্যাপ চুরি করে একটি সংঘবদ্ধ চক্র নৌকাযোগে তীরে এনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকে। নৌ পুলিশের অভিযানে এমন একটি চালান আটক হওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক সিন্ডিকেট কর্ণফুলী নদী এলাকায় জাহাজ থেকে স্ক্র্যাপ চুরি ও পাচারের সঙ্গে জড়িত। এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনারও দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply