সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
শত শত বস্তা সার ভিজলেও মান নষ্ট হবে না দাবি কৃষি বিভাগের, দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা কৃষি অফিসের সারের গুদামে পানি ঢুকে পড়ায় শত শত বস্তা সার ভিজে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে গুদামের সামনে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলে বৃষ্টির পানি গুদামে প্রবেশ করে। এতে কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম নিয়ে সাময়িক অনিশ্চয়তা দেখা দেয়।
খবর পেয়ে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ থেকে ১২ জন শ্রমিকের সহায়তায় গুদামে থাকা সারের বস্তাগুলো সরিয়ে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে স্থানান্তর করেন। এসব সার কৃষকদের মধ্যে বিতরণের জন্য সংরক্ষণ করা হয়েছিল।স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষি অফিস চত্বরে পানি জমে গুদামে প্রবেশ করে।উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সরোয়ার বলেন, “গুদামে রাখা সারগুলো দানাদার (গ্র্যানুলার) সার। এগুলো সাময়িকভাবে পানির সংস্পর্শে এলেও মান নষ্ট হওয়ার আশঙ্কা নেই। সকালে ভারী বৃষ্টিতে পানি ঢুকে পড়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিক নিয়োগ করে সব সার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।”উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমেদ বলেন, “এত ভারী বৃষ্টিপাত হবে, তা আগে ধারণা করা যায়নি। এছাড়া উপজেলায় ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারেনি। ফলে পানি গুদামে ঢুকে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কৃষকদের সার সরবরাহে যাতে কোনো দীর্ঘমেয়াদি সমস্যা না হয়, সে বিষয়ে আমরা কাজ করছি।”এদিকে কৃষকদের দাবি, বর্ষা মৌসুমে সরকারি গুদাম ও কৃষি অফিসে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তারা দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন।
Leave a Reply