মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে শাহাবুদ্দিন (৩৫) নামে এক ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার খোর্দ গহিরা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত শাহাবুদ্দিন ওই এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে নদীপথে চলাচলকারী মালবাহী ট্রলারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মাদকের প্রতিও আসক্ত ছিলেন। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে রাতের একপর্যায়ে স্বামী-স্ত্রী নিজ নিজ কক্ষে বিশ্রাম নেন।
বুধবার ভোরে ঘুম থেকে উঠে স্বামীকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি কক্ষে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি আনোয়ারা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply