মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার, হুমকি ও সাইবার বুলিংয়ের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) আনোয়ারা থানায় এ জিডি দায়ের করেন স্থানীয় বাসিন্দা ও আইনজীবী অহিদুল ইসলাম চৌধুরী।জিডি সূত্রে জানা যায়, অহিদুল ইসলাম চৌধুরী (পিতা: আবদুর রহিম চৌধুরী) অভিযোগ করেন, তিনি পেশায় একজন আইনজীবী এবং রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। একই সঙ্গে তার পরিবারের সদস্য সরওয়ার জামান, যিনি আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকেও লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, “চাতরী ইউনিয়ন নিউজ পোর্টাল” নামে একটি ফেসবুক আইডি থেকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের নামে মানহানিকর, আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
জিডিতে আরও বলা হয়, গত ২০ এপ্রিল সন্ধ্যায় চাতরী হাই স্কুলের সামনে অবস্থানকালে তারা বিষয়টি সম্পর্কে অবগত হন এবং নিজেদের ফেসবুক ওয়ালেও উক্ত আইডির পোস্ট দেখতে পান। এর ফলে তারা সামাজিক ও কর্মক্ষেত্রে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।ভুক্তভোগীদের দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সাইবার বুলিংয়ের শামিল এবং তাদের জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারা থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং প্রমাণ হিসেবে কয়েকটি স্ক্রিনশটও সংযুক্ত করেছেন।এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply