মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা বাড়ানোই বড় কথা নয়, বরং রোগীদের জন্য নিরাপদ, নির্ভুল ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।তিনি বলেন, শুধু প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের পেশাগত যোগ্যতা এবং ডায়াগনস্টিক পরীক্ষার নির্ভুলতা নিশ্চিত করতে হবে। মানুষের আস্থা অর্জন করতে পারলেই একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রকৃত অর্থে সফলতা পাবে।শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাপাতলী ভোলাশাহ এলাকায় নবনির্মিত ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, গ্রামীণ জনপদের মানুষ, বিশেষ করে নারী ও সাধারণ রোগীরা নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরা ক্লিনিকের মতো প্রতিষ্ঠানগুলো আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিলে এলাকার মানুষের চিকিৎসাজনিত ভোগান্তি অনেকাংশে কমে আসবে চিকিৎসাসেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডায়াগনস্টিক পরীক্ষার নির্ভুলতা, আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার এবং চিকিৎসকদের পেশাগত যোগ্যতা নিশ্চিত করতে হবে। রোগীদের জানার সুবিধার্থে চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা, বিশেষজ্ঞ পরিচিতি ও চেম্বারের সময়সূচি প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে।তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান ও ব্যবহৃত যন্ত্রপাতি সরেজমিনে যাচাইয়ের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো যেতে পারে। প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে চিকিৎসাসেবার মান বজায় রাখতে হবে। মানুষের আস্থা অর্জন করতে পারলেই একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে সফলতা অর্জন করবে।এ সময় তিনি আশা প্রকাশ করেন, ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কেবল বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে গড়ে উঠবে। বিশেষ করে মা ও নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।ক্লিনিকের চেয়ারম্যান আরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদ্যোক্তা আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রাশেদুজ্জামান মন্ডল, পরিচালক (প্রশাসন) মো. জনাব আলী এবং চিকিৎসকদের পক্ষে ডা. সাদ্দাম হোসেন।এ ছাড়া বক্তব্য দেন আবুল কালাম আবু, নুরুল ইসলাম মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান, আখতারুন নবী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, ভিপি মোজাম্মেল হক, নাজিম উদ্দিন মুন্সি, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী ও জাহেদ চৌধুরী।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকবাল হায়দার চৌধুরী ও তানভীর উদ্দিন চৌধুরী।
Leave a Reply