মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।নিহত মুন্নি কক্সবাজার জেলার রায়পুর এলাকার ইসহাকের মেয়ে। তিনি পশ্চিম বরৈয়া গ্রামের নবী হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে স্বামীর বাড়িতে মুন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।তবে মুন্নির পরিবার দাবি করেছে, এটি কোনো আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, মরদেহ উদ্ধারের সময় মুন্নির পা মাটির সঙ্গে লাগানো ছিল, যা স্বাভাবিক আত্মহত্যার ঘটনার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তারা ঘটনাটিকে “সাজানো নাটক” উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে মুন্নিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেপ্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
Leave a Reply