আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমানা বিরোধে আটকে দুই ইউনিয়নের ভোট! নির্বাচন কমিশনের তালিকায় নেই আনোয়ারা সদর ও চাতরী

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
সীমানা বিরোধের জেরে অনিশ্চয়তায় পড়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন কমিশনের দ্বিতীয় ধাপের নির্বাচনী তালিকায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টির নাম অন্তর্ভুক্ত হলেও বাদ পড়েছে আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়ন। ডুমুরিয়া ও রূদুরা গ্রামের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি না হওয়ায় দুই ইউনিয়নের নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কবে নাগাদ এসব ইউনিয়নে ভোট হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন প্রকাশিত দ্বিতীয় ধাপের নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ আনোয়ারার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তালিকায় রয়েছে বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, পরৈকোড়া, হাইলধর ও জুঁইদণ্ডী ইউনিয়ন। তবে ৭ নম্বর আনোয়ারা সদর ও ৮ নম্বর চাতরী ইউনিয়নের নাম না থাকায় স্থানীয় ভোটারদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলা সদরের লাগোয়া ডুমুরিয়া ও রূদুরা গ্রামে পাঁচ হাজারের বেশি মানুষের বসবাস। উপজেলা সদর থেকে মাত্র ২০০ গজ দূরত্বে গ্রাম দুটির অবস্থান হলেও প্রশাসনিকভাবে এগুলো চাতরী ইউনিয়নের অন্তর্ভুক্ত। ফলে নাগরিক সনদ, জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে বাসিন্দাদের প্রায় চার কিলোমিটার দূরে চাতরী ইউনিয়ন পরিষদে যেতে হয়। অথচ তাঁদের বাড়ির কাছেই রয়েছে আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদ। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে গ্রাম দুটিকে সদর ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।এ দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, সভা-সমাবেশ ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গত বছরের ১৫ জুন উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।তবে ডুমুরিয়া ও রূদুরাকে সদর ইউনিয়নের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়ে আপত্তিও রয়েছে। ২০২৫ সালের ২৫ জুন সদর ইউনিয়নের একাংশের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে পাল্টা স্মারকলিপি দেন। তাঁদের আশঙ্কা, গ্রাম দুটি নতুন করে যুক্ত করা হলে সদর ইউনিয়নের বিদ্যমান সীমানা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে। দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে দীর্ঘদিনেও সীমানা বিরোধের গ্রহণযোগ্য সমাধান হয়নি।ডুমুরিয়া-রূদুরাকে সদর ইউনিয়নে অন্তর্ভুক্ত করার দাবিতে শুরু থেকে নেতৃত্ব দিয়ে আসছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘এটি এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গণশুনানির আয়োজন করে প্রতিবেদন পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সংসদ নির্বাচনের পর বিষয়টি আর তেমন এগোয়নি। আমাদের এলাকার মানুষকে ইউনিয়ন পরিষদের সামান্য কাজের জন্যও কয়েক কিলোমিটার পথ ঘুরতে হয়। অথচ থানা ও উপজেলা পরিষদ আমাদের বাড়ি থেকে হাঁটাপথের দূরত্বে। এ ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই।’এদিকে সীমানা বিরোধের নিষ্পত্তি না হওয়ার মধ্যেই দ্বিতীয় ধাপের নির্বাচনী তালিকা প্রকাশিত হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নের ভবিষ্যৎ। স্থানীয়দের আশঙ্কা, সীমানা জটিলতা দ্রুত নিরসন না হলে দুই ইউনিয়নের নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। এতে ভোটাধিকার প্রয়োগ ও জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় থাকা ভোটারদের অনিশ্চয়তা বাড়বে।তবে নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সীমানা বিরোধের কারণেই এ দুটি ইউনিয়ন তালিকায় স্থান পায়নি কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে দুই ইউনিয়নে নির্বাচন কবে এবং কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, তা এখনো স্পষ্ট নয়।স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিনের সীমানা বিরোধের দ্রুত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সমাধান প্রয়োজন। একই সঙ্গে আনোয়ারা সদর ও চাতরী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের সুস্পষ্ট সিদ্ধান্ত চান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর