আজ ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুরআনের হিফজে সাফল্য, তানভীরের অর্জনে গর্বিত চাতরী আনোয়ারুল উলুম মাদ্রাসা

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪৪টি মাদরাসার ৩২৭ জন প্রতিযোগীর মধ্যে পাঁচ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে চাতরী আনোয়ারুল উলুম মাদরাসার শিক্ষার্থী তানভীর হোসেন। তার এ সাফল্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এ অর্জনসহ শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মাদরাসাটির পাঁচ শিক্ষার্থীকে ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি সম্মাননা দেওয়া হয়েছে হিফজ বিভাগের একজন শিক্ষককে।বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টায় মাদরাসার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক মাওলানা নুরুল হক।হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত পঞ্চম হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬-এ তানভীরের এ অর্জন মাদরাসার জন্য বিশেষ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং হিফজ শিক্ষায় শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল আজিজ ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দীন, সাংবাদিক খালেদ মনসুর, সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম ও শিক্ষানুরাগী মাওলানা মুন্তাকিম। এ ছাড়া মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, পবিত্র কুরআনের হিফজ ও ইসলামী শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে শিক্ষকদের সম্মাননা তাঁদের নিরলস শ্রম, ত্যাগ ও আন্তরিকতার স্বীকৃতি।তাঁরা আরও বলেন, কুরআনের হাফেজরা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি সমাজের সর্বস্তরে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে হিফজুল কুরআন ও ইসলামী শিক্ষায় আরও সাফল্য অর্জনের জন্য তাদের উৎসাহিত করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর