আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপূজায় গুজব ছড়ালেই ব্যবস্থা, আনোয়ারায় সক্রিয় পুলিশের সাইবার ইউনিট

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সক্রিয় থাকবে পুলিশের সাইবার নিরাপত্তা ইউনিট। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব বা সন্দেহজনক তথ্য চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা থানা প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাহমুদুল হাসান বলেন, দুর্গাপূজায় গুজব প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। গুজব শনাক্ত ও প্রতিরোধে পুলিশের স্বতন্ত্র সাইবার নিরাপত্তা ইউনিট রয়েছে। আনোয়ারায়ও এ-সংক্রান্ত কমিটি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব বা সন্দেহজনক তথ্য দেখা গেলে তা যাচাই না করে ছড়িয়ে না দিয়ে তাঁকে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর আহ্বান জানান তিনি।তিনি বলেন, সাইবার ইউনিটের সহযোগিতায় তথ্য যাচাই করা হবে। তথ্যের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আর তথ্য অসত্য হলে থানার ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। তিনি বলেন, “আমরা-আপনারা সবাই এ দেশের নাগরিক। এখানে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশের যথেষ্ট নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। আপনারা নির্দ্বিধায় পূজা উদ্‌যাপন করতে পারবেন।”উপপরিদর্শক দেলোয়ার হোসেন রাজিবের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন দেবনাথ, আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, থানা-পুলিশের সদস্য এবং আনোয়ারা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর