মোঃ সাইফুল ইসলাম (আনোয়ারা)
চট্টগ্রামের উপকূলীয় জনপদ আনোয়ারায় চলমান বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের এমন অভিযোগের প্রেক্ষিতে প্রকল্প এলাকা পরিদর্শন করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আনোয়ারা উপজেলার দোভাষী বাজার সংলগ্ন উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, বেড়িবাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তারা প্রকল্পের প্রতিটি ধাপে কঠোর তদারকি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি জনস্বার্থে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।স্থানীয়দের অভিযোগ মনোযোগ সহকারে শোনার পর এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, “উপকূলীয় জনগণের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম মানে উপকূলবাসীর জানমালকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের স্বার্থে রায়পুর এলাকার বেড়িবাঁধ নির্মাণকাজ নির্ধারিত মান বজায় রেখেই সম্পন্ন করতে হবে।
সংসদ সদস্য আরও বলেন, “১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে পশ্চিম আনোয়ারা উপকূলীয় অঞ্চলে অন্তত ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উপকূল রক্ষায় শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। বিএনপি সরকার সবসময় এ অঞ্চলের উপকূল সুরক্ষা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে এসেছে।”পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, উপকূলীয় বেড়িবাঁধের পড়ুয়া পাড়া থেকে দোভাষী বাজার পর্যন্ত অংশে ব্লক স্থাপনের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স। আসন্ন বর্ষা মৌসুমের আগে প্রকল্পের কাজ শেষ করতে প্রতিষ্ঠানটি দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগের কারণে প্রকল্পটির গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে
Leave a Reply