সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
২০ শতাংশ কমিশনে বেসরকারি ব্যক্তিদের দিয়ে রাজস্ব আদায়ের চুক্তি, এক রসিদেই ৩৭৯২ টাকার গরমিল; অনিয়ম স্বীকার সুপারভাইজারের, তদন্তের দাবিনাগরিকের পকেট থেকে আদায় করা হয়েছে ৫ হাজার ৬৮৮ টাকা। অথচ একই রসিদের সংরক্ষিত কার্বন কপিতে হিসাব মাত্র ১ হাজার ৮৯৬ টাকা। মূল রসিদ ও কার্বন কপির মধ্যে ৩ হাজার ৭৯২ টাকার এই বিশাল পার্থক্য ঘিরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স আদায়ের স্বচ্ছতা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।শুধু রসিদে টাকার অঙ্কের গরমিল নয়, অতিরিক্ত অর্থ আদায়, স্বাক্ষরবিহীন রসিদে টাকা গ্রহণ এবং সরকারি রাজস্ব আদায়ের দায়িত্ব বেসরকারি ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার অভিযোগও উঠেছে। অনুসন্ধানে রসিদের এমন আর্থিক অসংগতি সামনে আসার পর পুরো ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স আদায়ের হিসাব নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের সঙ্গে আনোয়ারার নাঈম উদ্দীন নামের এক ব্যক্তির হোল্ডিং ট্যাক্স আদায়ের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, তিনি ও তাঁর অধীনে নিয়োজিত ব্যক্তিরা মাঠপর্যায়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে হোল্ডিং ট্যাক্স আদায় করছেন। বিনিময়ে আদায়কৃত অর্থের ২০ শতাংশ তাঁদের দেওয়ার কথা রয়েছে।তবে সরকারি রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বেসরকারি ব্যক্তিদের হাতে তুলে দেওয়া এবং আদায়কৃত অর্থের ২০ শতাংশ কমিশন দেওয়ার চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, কোন বিধিমালা বা সরকারি অনুমোদনের ভিত্তিতে এ চুক্তি করা হয়েছে? ইউনিয়ন পরিষদের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা রেজুলেশন রয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়।এ ছাড়া আদায়কৃত অর্থের ২০ শতাংশ কোন খাত থেকে দেওয়া হচ্ছে, সরকারি কোষাগারে কত টাকা জমা হচ্ছে এবং কমিশন বাবদ কত টাকা পরিশোধ করা হয়েছে, এসব তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। কর্ণফুলী উপজেলায় স্থানীয়ভাবে শিক্ষিত বেকার যুবক থাকা সত্ত্বেও অন্য উপজেলা থেকে লোক এনে এ দায়িত্ব দেওয়ার কারণ নিয়েও প্রশ্ন উঠেছে।অনুসন্ধানে শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিনের হোল্ডিং ট্যাক্সের একটি রসিদে বড় ধরনের আর্থিক অসংগতি পাওয়া গেছে। রসিদের মূল কপিতে ট্যাক্স আদায়ের পরিমাণ উল্লেখ রয়েছে ৫ হাজার ৬৮৮ টাকা। অথচ একই রসিদের সংরক্ষিত কার্বন কপিতে লেখা রয়েছে মাত্র ১ হাজার ৮৯৬ টাকা।অর্থাৎ একই লেনদেনের দুটি কপিতে টাকার অঙ্কের পার্থক্য ৩ হাজার ৭৯২ টাকা। প্রশ্ন উঠেছে, মূল কপি ও কার্বন কপিতে এমন ভিন্ন অঙ্ক কীভাবে এল? প্রকৃতপক্ষে কত টাকা আদায় করা হয়েছে এবং দুই কপিতে ভিন্ন অঙ্ক লেখার কারণ কী?এ ছাড়া বিভিন্ন স্থানে রসিদের তথ্যের অসংগতি, স্বাক্ষর ছাড়া অর্থ আদায় এবং নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ফলে আদায়কৃত অর্থের প্রকৃত পরিমাণ, রসিদ বইয়ের সংরক্ষণ এবং সরকারি কোষাগারে অর্থ জমার প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একটি রসিদে এমন গরমিলের পর পুরো ইউনিয়নের রসিদ বই ও রাজস্ব আদায়ের হিসাব নিরীক্ষার দাবি উঠেছে।রসিদে টাকার অঙ্কের গরমিলের বিষয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ের দায়িত্বে থাকা সুপারভাইজার নাঈম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি রসিদে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর দাবি, মাঠপর্যায়ে তাঁর অধীনে কর্মরত ব্যক্তিরাই এসব অনিয়ম করেছেন। তাঁদের কারসাজির কারণেই রসিদে টাকার অঙ্কের গরমিল হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিবও রসিদে গরমিলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, সংশ্লিষ্টদের জামানত রয়েছে এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি নাঈম উদ্দীনের সঙ্গে হোল্ডিং ট্যাক্স আদায়ের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে মাঠপর্যায়ে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তাঁদের কর্মকাণ্ডের কারণে হয়েছে বলে জানান তিনি।চেয়ারম্যান ভুক্তভোগীদের ইউনিয়ন পরিষদে এসে যোগাযোগ করার আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে তা ফেরত দেওয়ার আশ্বাস দেন।তবে চেয়ারম্যানের বক্তব্যের পরও চুক্তির আইনগত ভিত্তি, ২০ শতাংশ কমিশন প্রদানের অনুমোদন এবং নিয়োগপ্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর স্পষ্ট হয়নি। সরকারি রাজস্ব আদায়ের দায়িত্ব বেসরকারি ব্যক্তিদের দেওয়ার ক্ষেত্রে কোন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে, চুক্তির লিখিত কপি ও পরিষদের সিদ্ধান্তের নথি কোথায় এবং আদায়কৃত অর্থের কত অংশ সরকারি কোষাগারে জমা হয়েছে—এসব বিষয় এখনো পরিষ্কার নয়।একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মীরা অনিয়ম করে থাকলে তাঁদের নিয়োগ, তদারকি ও আদায়কৃত অর্থের হিসাব যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা কী ছিল, সেটিও তদন্তের দাবি রাখে।স্থানীয় বাসিন্দাদের দাবি, শিকলবাহা ইউনিয়নের পুরো হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম, ২০ শতাংশ কমিশনের চুক্তির বৈধতা, নিয়োগপ্রক্রিয়া এবং অর্থ জমার হিসাব নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। মূল রসিদ ও কার্বন কপি যাচাই করে প্রকৃত আর্থিক গরমিল নিরূপণ, অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে।সরকারি রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ কাজে একটি রসিদেই ৩ হাজার ৭৯২ টাকার পার্থক্য সামনে আসায় এখন বড় প্রশ্ন—এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি পুরো ইউনিয়নের রাজস্ব আদায় ব্যবস্থায় আরও বড় কোনো অসংগতি রয়েছে? নাগরিকের দেওয়া টাকার প্রকৃত হিসাব কোথায়, সরকারি কোষাগারে কত টাকা জমা হয়েছে এবং এই ব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করবে কে—এসব প্রশ্নের উত্তর পেতে প্রয়োজন পূর্ণাঙ্গ হিসাব নিরীক্ষা ও নিরপেক্ষ তদন্ত।
Leave a Reply