আনোয়ারা প্রতিনিধি: মনজুরুল
চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও মশাল কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বল্পসংখ্যক লোকজন নিয়ে আকস্মিক মিছিল বের করে কয়েক মিনিটের ভিডিও ধারণ, পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নতুন করে আলোচনায় এসেছে। গত ২৮ নভেম্বর রাতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট ও বরুমচড়া ইউনিয়নের কানু মাঝির হাট এলাকায় একই সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল বের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলগুলো স্বল্প সময়ের মধ্যে শেষ করে অংশগ্রহণকারীদের কয়েকজন ভিডিও ধারণ করেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।সাম্প্রতিক সময়ে আনোয়ারায় ঝটিকা মিছিল ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তামূলক তৎপরতার কারণে অনেকে স্বাভাবিক চলাফেরা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানা যায়।স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে রাতের আঁধারে এমন ঝটিকা মিছিল আয়োজন, ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার অনেকের কাছে আলোচনায় আসা কিংবা রাজনৈতিক পরিচিতি তৈরির মাধ্যম হয়ে উঠছে। তবে এসব কর্মসূচির কারণে কোনো কোনো ক্ষেত্রে এলাকার সাধারণ মানুষও আতঙ্ক ও ভোগান্তির মুখে পড়ছেন।অল্পসংখ্যক লোকজন নিয়ে মিছিল করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কী উদ্দেশ্য অর্জন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয় মহলে। রাজনৈতিক পরিচিতি, নেতৃত্বের আকাঙ্ক্ষা কিংবা অনলাইন প্রচারের নেশায় এমন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। একদিকে রাতের আঁধারে রাজনৈতিক ঝটিকা কর্মসূচি, অন্যদিকে এসব ঘটনার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের উদ্বেগ সব মিলিয়ে আনোয়ারার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন প্রকৃত ঘটনা অনুসন্ধান করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করবে।