২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের সামনে গ্যাস ক্রসফিলিংয়ের সরঞ্জাম, তবু খালি হাতে ফিরলেন এসিল্যান্ড—কার ইশারায়?

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম কর্ণফুলী ( চট্টগ্রাম)
কর্ণফুলীতে ২৬৯টির বেশি সিলিন্ডার ও ক্রসফিলিং মেশিন পাওয়ার পরও জব্দ হয়নি মালামাল, সিলগালা হয়নি স্থাপনা; অভিযান ঘিরে নানা প্রশ্ন ।চোখের সামনে গ্যাস ক্রসফিলিংয়ের মেশিন, সংযোগের তার, ওজন মাপার যন্ত্রসহ নানা সরঞ্জাম। স্থাপনাটিতে পাওয়া গেছে ২৬৯টির বেশি গ্যাস সিলিন্ডার। প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনপত্র দেখাতে না পারায় কার্যক্রমকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করেন অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দেশ দেন সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ করে থানায় নেওয়ার। মালামাল পরিবহনে ট্রাকও আনা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত জব্দ হলো না কিছুই। সিলগালা করা হয়নি স্থাপনাটিও। কোনো আইনগত ব্যবস্থা ছাড়াই খালি হাতে ফিরে গেল অভিযান দল। মাঝপথে অভিযানের এমন পরিণতি ঘিরে প্রশ্ন উঠেছে—কেন বদলে গেল সিদ্ধান্ত, কার ইশারায় থেমে গেল অভিযান?
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের জামতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা।অভিযানস্থলে গিয়ে দেখা যায়, সেখানে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের মেশিন, সংযোগের তার, সিলিন্ডারের স্টিকার, ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ছোট-বড় মিলিয়ে ২৬৯টির বেশি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে খালি ও গ্যাসভর্তি—দুই ধরনের সিলিন্ডারই ছিল। কয়েকটি সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার লক্ষণও দেখা যায়। সিলিন্ডারের মুখে পানি জমিয়ে রাখার দৃশ্যও নজরে আসে। ঘটনাস্থলে ছিল দুটি অটোরিকশা, যার একটিতে গ্যাস সিলিন্ডার বোঝাই করা হয়েছিল বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, সেখানে দীর্ঘদিন ধরে এক ব্র্যান্ডের সিলিন্ডার থেকে অন্য ব্র্যান্ডের সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করা হচ্ছিল। এতে ওজনে কম দেওয়ার পাশাপাশি কম দামের ব্র্যান্ডের গ্যাস বেশি দামের ব্র্যান্ডের সিলিন্ডারে ভরে গ্রাহকদের সঙ্গে প্রতারণার আশঙ্কা রয়েছে। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের এক কর্মী দীর্ঘদিন ধরে এ কাজে যুক্ত থাকার কথা স্বীকার করে প্রতিদিন ৬০ থেকে ৭০টি সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের কথা জানান। একই সঙ্গে কাজটি অবৈধ বলেও স্বীকার করেন তিনি। এ-সংক্রান্ত অডিও ও ভিডিও ধারণ করেছেন উপস্থিত সাংবাদিকরা।অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা কার্যক্রমটিকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, সেখানে ব্যবহৃত গ্যাস স্থানান্তরের মেশিন বৈধ নয় এবং সিলিন্ডার রাখার পরিবেশও নিরাপদ নয়। এ সময় সংশ্লিষ্টদের কাছে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় অনুমোদনপত্র চাওয়া হলেও তা দেখাতে পারেনি বলে অভিযোগ রয়েছে। পরে সিলিন্ডার ও সরঞ্জাম থানায় নিয়ে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।এরপর সিলিন্ডার ও সরঞ্জাম পরিবহনের জন্য ট্রাকের অপেক্ষা চলছিল। এ সময় শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে মালামাল থানায় নেওয়ার নির্দেশ দিলেও তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার প্রয়োজনের কথা জানান। পরে আলোচনা শেষে পুলিশ সদস্যরা জানান, সেখানে কী ধরনের কাজ হচ্ছিল, তা তাঁরা দেখেননি; তাই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এরপর কোনো সিলিন্ডার বা সরঞ্জাম জব্দ না করেই অভিযান শেষ হয়। সাংবাদিকদের অভিযোগ, ঘটনাস্থলে থাকা মেশিন ও সরঞ্জামের ভিডিও ধারণেও বাধা দেওয়া হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আমিরুল মোস্তফা বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে সেখানে কী ধরনের কাজ হচ্ছিল, তা তিনি নিজ চোখে দেখেননি। বিষয়টি পরবর্তী সময়ে পর্যবেক্ষণ করা হবে।এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদোয়ানুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। অভিযান শেষে তাঁকে জানানো হয়েছে, ঘটনাস্থলে কোনো অবৈধ কার্যক্রম পাওয়া যায়নি। অভিযোগকারীদের দেওয়া তথ্যও সঠিক ছিল না বলে তাঁকে জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। কোনো অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের প্রশ্ন, অভিযানকালে যদি ক্রসফিলিংয়ের মেশিন, বিপুলসংখ্যক সিলিন্ডার ও অনুমোদনহীন কার্যক্রমের আলামত পাওয়া গিয়ে থাকে, তাহলে মালামাল জব্দের নির্দেশ দেওয়ার পরও শেষ পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? কী কারণে অভিযানের গতিপথ বদলে গেল, কার সিদ্ধান্তে অভিযান অসমাপ্ত রয়ে গেল—এসব প্রশ্নের জবাব চান তাঁরা।এলাকাবাসীর দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে স্থাপনাটির বৈধতা, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও গ্যাস স্থানান্তরের অনুমোদন যাচাই করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।