মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মহতরপাড়া- পেশকারহাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। দুর থেকে মাটি না এনে স্কেভেটর দিয়ে বেড়িবাঁধের পাশ থেকেই মাটি নিয়ে আবার বেড়িবাঁধে দিচ্ছে। আবার ড্রেজার দিয়ে খাল থেকে কাদামাটি উঠিয়ে দিচ্ছে বেড়িবাঁধে। ফলে সেই মাটি আবার পড়ে যাচ্ছে খালের সৃষ্ট গর্তে। সাধারণ মানুষের প্রতিবাদের মুখে রাঁতের আঁধারে ড্রেজার দিয়ে খাল থেকে কাদা তুলে ভরাট করছে সেই গর্ত। তাছাড়া প্রকল্প এলাকায় প্রকল্পের ধরণ,বিবরণ ও বরাদ্দ নিয়ে সাইনবোর্ড টাঙ্গানোর নিয়ম থাকলেও তা টাঙ্গাননি ঠিকাদার। যার ফলে কোথাও বেড়িবাঁধ উঁচু-নিচু আবার কোথাও সরু করে ফেলা হচ্ছে। তবে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকার মানুষের পদে পদে বাধা ও অসহযোগিতার কথা বলে বেড়িবাঁধ নির্মাণে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন।জানা যায়, চাতরী ইউনিয়নের মহতরপাড়া পেশকার হাট এলাকায় শিকলবাহা-মুরালী খালের পাড় ঘেঁষে এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। প্রায় ৫৫ লক্ষ টাকায় উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক রফিক আহমদ মাস্টার ঠিকাদারি প্রতিষ্ঠান এই বোড়িবাঁধ পূণ:নির্মাণের দায়িত্ব পান।পানি উন্নয়ন বোর্ডের কার্যাদেশ অনুযায়ী এক কিলোমিটার বেড়িবাঁধের(১ হাজার মিটার) উপরিভাগে ১০ ফুট, নীচে ২৬ থেকে ৩৩ ফুট এবং উচ্চতা ৮ থেকে ১০ ফুট নির্ধারণ করা হয়েছে।তবে সরেজমিন পরিদর্শনে কার্যাদেশের সাথে বাস্তব কাজের সাথে মিল পাওয়া যায়নি ।গত এক বছর আগে কার্যাদেশ হয় বেড়িবাঁধ পূণ:নির্মাণ কাজের। দুই বছরের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো অর্ধেক কাজও হয়নি।স্থানীয়রা জানান, আমরা অনেক আশায় ছিলাম। বেড়িবাঁধের কাজটা ভালভাবে হবে। কিন্ত কাজের শুরু থেকেই অনিয়ম করছে ঠিকাদারের লোকজন।মাটি ক্রয় করে বেড়িবাঁধ নির্মাণের কথা থাকলেও সাধারণ মানুষের জমি থেকে জোরপূর্বক মাটি নিয়ে বেড়িবাধে দেওয়া হচ্ছে। বেড়িবাঁধের পাশের খালের কিনারা থেকে মাটি নিয়ে দিচ্ছে বেড়িবাঁধে। বেড়িবাঁধের পাশে যেখান থেকে মাটি নিচ্ছে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। বেড়িবাঁধে দেওয়া মাটি আবার সেই গর্তে নেমে যাচ্ছে।খাল থেকে কাদা মাটি দেওয়ার ফলে মহতরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বেড়িবাঁধের নির্মাণ কাজে অনিয়মে ক্ষোভ জানিয়ে বলেন, আমরা অনেক আশাবাদী ছিলাম। কিন্তু যেভাবে কাজ করা হচ্ছে তাতে মনে হচ্ছে আগামী এক বছরও টিকবেনা।তিনি আরো বলেন, বরাদ্দে মাটি ক্রয় করে দেওয়ার নিয়ম থাকলেও সাধারণ মানুষের জমি থেকে জোরপূর্বক মাটি নিয়ে যাচ্ছে। আবার খাল থেকে ড্রেজার দিয়ে কাদা দিচ্ছে। আমার ভরাট করা শক্ত মাটি নিয়ে গেছে। আমার জায়গাটা ভরাট করে দিবে বললেও দেয়নি।
স্থানীয় বাসিন্দা মো.ইলিয়াস বলেন, খালের পাড় থেকে মাটি নিয়ে দিচ্ছে বেড়িবাঁধে। খালে জোয়ার এসে ভাটার পানির টানে কাদাপানিসহ মাটিগুলো আবার খালে চলে যাচ্ছে। বিদ্যুতের খুঁটির গোড়া থেকেও মাটি নিয়ে ফেলছে। এগুলোতো টিকবেনা।
পানি উন্নয়ন বোর্ডের এসও মিজানুর রহমান বলেন, মহতরপাড়া -পেশকার হাট এলাকায় ঢালু জায়গায় বেড়িবাঁধ পূণ:নির্মাণের কাজ চলমান। এক সপ্তাহ আগে বেড়িবাঁধের কয়েক স্থানে কার্যাদেশের সাথে মিল না পাওয়ায় তা ঠিক করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। কাজ এখনো শেষ হয়নি।তিনি আরো বলেন, স্থানীয়দের অসহযোগিতার কারণে শুরু থেকেই বেড়িবাঁধ নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে। বেড়িবাঁধের উপর বাড়িঘরগুলো সরাতে চায়না। জমির দাম বেড়ে যাওয়ার কেউ মাটিও বিক্রি করতে চায়না। এ অবস্থায় কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে।ঠিকাদার রফিক আহমদ মাস্টার বলেন, এলাকার মানুষ বলার কারণে আমরা পাশ থেকে শক্ত মাটি নিয়েছি। না হলে আমরা বাহির থেকে কাদা মাটি এনে শুকিয়ে তারপর কাজ করছিলাম। আর জায়গাগুলোতো সরকারি খাস। এখান থেকে মাটিতো আমরা নিতে পারি। আমি এলাকার মানুষের ভাল করতে যেয়ে বিপদে পড়েছি। আর বেড়িবাঁধ পূণ:নির্মাণ কাজে সাইনবোর্ড টাঙ্গানোর কোনো নিয়ম নেই। আর যেখানে মাটি ধসে পড়েছে সেখানে আমরা খুঁটি গেড়ে পুণরায় কাজ করে দেব।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহীদবলেন,মহতরপাড়া এলাকার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। ঠিকাদার এখনো কাজ বুঝিয়ে দেয়নি। কোনো অনিয়ম থাকলে তা তদন্ত করে দেখব।
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আনোয়ারায় মহতরপাড়া পেশকার হাটের বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ
প্রকাশিত হয়েছে-