৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় শিক্ষার নতুন দিগন্তের প্রত্যাশা, মেধা-মনন ও নৈতিকতা গড়তে আইডিয়াল স্কুলের যাত্রা

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
শিক্ষার মানোন্নয়ন, মেধা-মননের বিকাশ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশায় চট্টগ্রামের আনোয়ারায় যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান আনোয়ারা আইডিয়াল স্কুল। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে আনোয়ারা সদরস্থ আনোয়ারা সিটি সেন্টারে বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও বিদ্যালয়ের চেয়ারম্যান, আনোয়ারার কৃতী সন্তান এবং চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল ও পার্কভিউ মেডিকেলের পরিচালক ডা. মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আবুল হোসেন, ডা. জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম. আনোয়ারুল হক, আবদুল গফুর, এসএম ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে আনোয়ারা আইডিয়াল স্কুলকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ, ভবিষ্যৎ পরিকল্পনা ও ভর্তি কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করার পাশাপাশি তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে সাংবাদিক, অভিভাবক, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।মতবিনিময় সভায় আনোয়ারা সিটি সেন্টারের মালিক এসএম জাহাঙ্গীর আলমসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।