৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু দল ষড়যন্ত্র করে গণতন্ত্র নস্যাতের অপচেষ্টা করছে: সরওয়ার জামাল নিজাম

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনোয়ারা উপজেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ কিছু দল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্র নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলকে সজাগ ও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গত সাত মাসে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। কিন্তু এসব উদ্যোগ অনেকের পছন্দ হচ্ছে না।যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আনোয়ারার উন্নয়নে অবদান রাখতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদল আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরওয়ার জামাল নিজাম বলেন, যুবদলের ইতিহাস অত্যন্ত বর্ণাঢ্য ও গৌরবোজ্জ্বল। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে যুবদল নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির নেতৃত্বে থাকা অনেকেই বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। আগামীতেও দল ও দেশের যেকোনো কঠিন সময়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছেলে শাহয়াজ জামাল নিজাম সনি, উপজেলা যুবদলের সব যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।