মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগে আনোয়ারা উপজেলায় এক দিনে ২০ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সারোয়ার জামাল নিজাম। সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব সারোয়ার জামাল নিজাম বলেন, লেখাপড়া ছাড়া দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়। একটি শিক্ষিত, দক্ষ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধের বিকাশেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরীর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি কার্যক্রমে গতি এসেছে। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আনোয়ারার প্রথম স্থান অর্জনও এ অগ্রগতির একটি উদাহরণ। আনোয়ারার উন্নয়ন ও জনকল্যাণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি।সংসদ সদস্য বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; গাছগুলো যেন বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আনোয়ারাসহ পুরো চট্টগ্রামকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব।সভাপতির বক্তব্যে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, বর্তমানে বাংলাদেশে ৫০৩টি উপজেলা রয়েছে। এর মধ্যে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আনোয়ারা উপজেলা সারা দেশে পরিচিতি লাভ করেছে।তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গণমুখী ও কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের জন্য বিভিন্ন ভাতা কার্যক্রম। এসব কর্মসূচি বাস্তবায়নে আনোয়ারা উপজেলা সবার শীর্ষে। সরকারি এসব উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আখতার নবী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, জাকারিয়া জোকু, সাইফুল ইসলাম, মোজাম্মেল, মো. আলমগীর, ইকবাল হায়দার চৌধুরী, বদরুল হক চৌধুরী, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন, আনোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
চট্টগ্রামে এক দিনে এক লাখ বৃক্ষরোপণের লক্ষ্য, আনোয়ারায় ২০ হাজার
প্রকাশিত হয়েছে-