মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
সাগরপাড়ে উৎসবের আমেজ, ভক্তদের উপস্থিতি আর বিদায়লগ্নে আনন্দ-বিষাদের মিশ্র অনুভূতি চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। কয়েক দিনের পূজা-অর্চনা ও আনন্দ-উৎসব শেষে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে আগামী বছর আবারও উৎসব ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ভক্তরা।বুধবার (২১ অক্টোবর) বিকেলে পারকী সৈকতসহ উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি ও আনুষ্ঠানিকতা মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এ সময় উৎসবের আনন্দের পাশাপাশি তাঁদের মধ্যে দেখা যায় বিষাদের ছায়া।উপজেলার ১১টি ইউনিয়নে এবার ১১২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কয়েক দিনের উৎসবমুখর আয়োজন শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের।বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। যানজট এড়িয়ে প্রতিমাবাহী যানবাহন ও দর্শনার্থীদের চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিয়মিত পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন। সাগরে নিরাপত্তা নিশ্চিত করতে টহলে ছিল কোস্ট গার্ড। পূজা উদযাপন পরিষদের নেতারাও সার্বক্ষণিক তদারকি করেন।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলা শাখার সদস্যসচিব রাহুল ধর বলেন, “সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আমাদের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পুলিশের বিভিন্ন টিম ও সদস্যরা দায়িত্ব পালন করেছেন। আমিসহ পুলিশের সদস্যরা এখনো নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম অব্যাহত রেখেছি।”সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব। এখন ভক্তদের অপেক্ষা আগামী বছরের, আবারও উৎসবের আবহে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
পারকী সৈকতে প্রতিমা বিসর্জন, আনন্দ-বিষাদে শেষ দুর্গোৎসব
প্রকাশিত হয়েছে-