মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম। রোববার (১১ অক্টোবর) তিনি দেশে প্রত্যাবর্তন করেন। তাঁর একান্ত সহকারী সচিব আকতার নবী চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এমপির নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেন সরওয়ার জামাল নিজাম।আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি সংসদীয় কূটনীতির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলন পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং সংসদীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সম্মেলনে অংশগ্রহণ শেষে সংসদ সদস্যের দেশে প্রত্যাবর্তনে তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা দেশের সংসদীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি আনোয়ারা–কর্ণফুলীর উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।তাঁদের প্রত্যাশা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জাতীয় পর্যায়ের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
তানজানিয়ায় আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন এমপি সরওয়ার জামাল নিজাম
প্রকাশিত হয়েছে-