মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারায় মাদক, ইয়াবা, জুয়া ও চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন চাপাতলী ও ছিরাবটবলী এলাকার বাসিন্দারা। এসব অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধে জড়িতদের পুলিশে সোপর্দ করার ঘোষণা দিয়েছেন তাঁরা।শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা উপজেলার চাপাতলী ও ছিরাবটবলী এলাকার শায়ের পুকুরপাড় জামে মসজিদের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে এলাকার মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও ইয়াবার বিস্তার, জুয়া এবং চুরির মতো অপরাধ সামাজিক শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি। এসব অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজের সচেতন নাগরিক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা জরুরি।
বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় কেউ মাদক বা ইয়াবা সেবন-বিক্রি কিংবা জুয়ার সঙ্গে জড়িত থাকার ঘটনা নজরে এলে এলাকাবাসী সম্মিলিতভাবে পুলিশকে খবর দেবেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি চুরিসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।তাঁরা আরও বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। অপরাধের তথ্য গোপন না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শায়ের পুকুরপাড় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান, লুৎফুর এনাম টিটু, আবদুল আউয়াল টিপু, মোহাম্মদ জসিম, মোহাম্মদ একরাম, মো. ইলিয়াস, মোহাম্মদ নুরুল আলম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদার, সিদ্দিক আকবর, এসডি বশির, আসিফ করিম, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ এহতেশাম, মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ নুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।মানববন্ধন থেকে বক্তারা মাদক, ইয়াবা, জুয়া ও চুরিমুক্ত এলাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।