৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর মৃত্যুকে ঘিরে আনোয়ারার সাঙ্গু ট্রমা হাসপাতালে উত্তেজনা, চিকিৎসক-কর্মচারীরা উধাও

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা প্রতিনিধি: মনজুরুল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের মোহছেন আউলিয়া মাজারের পশ্চিম পাশে কালীবাড়ি সড়কে বেসরকারিভাবে গড়ে ওঠা সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রাতভর হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতালের চিকিৎসক ও কর্তব্যরত কয়েকজন কর্মী হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার অভিযোগও উঠেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে গুন্ধীপাড়া এলাকার ছাদেক আলী তালুকদারের বাড়ির একটি শিশু গুরুতর আহত অবস্থায় সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে আনা হয়। স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। এমনকি কোনো এক্স-রে করানো হয়নি এবং চিকিৎসকের নাম-স্বাক্ষরসহ যথাযথ কোনো প্রেসক্রিপশনও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।স্বজনদের আরও অভিযোগ, শিশুটির অবস্থা গুরুতর হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার বিষয়ে যথাযথ পরামর্শ দেওয়া হয়নি।পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কথা-কাটাকাটি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।অভিযোগ উঠেছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালের চিকিৎসক ও কর্তব্যরত কয়েকজন ব্যক্তি হাসপাতাল ছেড়ে চলে যান।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল চিকিৎসা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।তবে শিশুটির মৃত্যুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা ও শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।