মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন। শনিবার (৩ অক্টোবর) সকালে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক রাস্তার মাথা থেকে র্যালিটি শুরু হয়ে ব্রিজঘাটে গিয়ে শেষ হয়।‘নিজের আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ ও ‘প্রতিদিন জমা পানি দূর করি’—এ দুটি স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফার সঞ্চালনায় র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সিপিপি ও স্কাউট সদস্যরা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ কর্মসূচি চলবে। অন্যান্য বছরের মতো এ বছরও ডেঙ্গুর ভয়াবহতা প্রবল আকার ধারণ করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।তিনি বলেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত টেস্ট কিট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা সহজতর করতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষ ‘ডেঙ্গু কর্নার’ চালু করা হয়েছে।জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু থেকে মুক্তির জন্য প্রথম কাজ হলো সচেতনতা বৃদ্ধি করা। শুধু চিকিৎসার ওপর নির্ভর করে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এ কারণে ডেঙ্গু মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোহাম্মদ কামরুজ্জামান, স্টাফ অফিসার টু ডিসি মোহাম্মদ আসিফ জাহান সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. ফায়সাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব জিএম জসিম উদ্দিন, বিএনপি নেতা মির্জা ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহমেদ, সদস্য সচিব সেলিম খান ও বিএনপি নেতা আলাউদ্দিন শিমুল।এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সিপিপি ও স্কাউট সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে কর্ণফুলীতে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি
প্রকাশিত হয়েছে-