২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্যদের নিয়ে খেলবেন না, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে এমপি এনামের হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
‘সংসদ সদস্যদের নিয়ে খেলতে যাবেন না’—চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে প্রকাশ্য সমাবেশে এমন কড়া বার্তা দিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে সংসদ সদস্যদের মতামত উপেক্ষা না করার কথা জানিয়ে তিনি বলেন, দক্ষিণ জেলার প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের কথাই চলবে। স্থানীয় নির্বাচন নিয়ে গঠিত কমিটির কার্যক্রমে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবেন তাঁরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার এ জে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলার সংসদ সদস্যদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এসব কথা বলেন।চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি আলী আব্বাস, সাবেক সহসভাপতি মঞ্জুর উদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ, কর্ণফুলী উপজেলা বিএনপির সভাপতি এস এম মামুন মিয়া, সাধারণ সম্পাদক এস এম ফোরকান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আনসার, ভিপি মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, শাহওয়াজ জামান নিজাম সনি প্রমুখ।এনামুল হক এনাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মনোনয়ন দিয়েছেন। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। সুতরাং জনগণ আমাদের সঙ্গে আছে। শুনেছি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না। আমরা সংসদ সদস্যরা জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করব।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ জেলার প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের কথাই চলবে।’ বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৭ বছরে দলের অনেক নেতাকর্মী আহত, নিহত ও পঙ্গু হয়েছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান তিনি।আনোয়ারা-কর্ণফুলীর সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে সমাবেশ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দক্ষিণ জেলার সব উপজেলায় এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হবে।প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, ‘দুয়েকটা ককটেল ফুটিয়ে বিএনপিকে আতঙ্কিত করা যাবে না।’ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য বিএনপি আইনিভাবে মোকাবিলা করবে বলেও মন্তব্য করেন তিনি।
জসীম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের এলাকায় কাজ করার জন্য মনোনয়ন দিয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দক্ষিণ জেলার প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের মতামত অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলেন তিনি। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথাও জানান।নিজ এলাকার এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায়’ তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন।সভাপতির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলার সংসদ সদস্য সবাই ঐক্যবদ্ধ আছি।’ জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের পক্ষে ভোট চাওয়া ব্যক্তিদের কথায় স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই হবে না বলেও মন্তব্য করেন তিনি। যত ষড়যন্ত্রই করা হোক, তাঁরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন বলে জানান।সমাবেশে বিএনপির নেতারা দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নিহত, আহত ও পঙ্গু নেতাকর্মীদের স্মরণ করেন। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমাবেশ শেষে কলেজবাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্রসিং ওয়াই জংশনে গিয়ে শেষ হয়।