মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
মেরিনারদের এক বছরের বাধ্যতামূলক প্রশিক্ষণ কমানোর উদ্যোগ | বিদেশি জাহাজে চাকরিতে ভিসা জটিলতা নিরসনের আশ্বাস ,বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের নৌ-বাণিজ্য খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি মেরিন ক্যাডেটদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দক্ষতা ও যোগ্যতা বাড়াতে না পারলে নৌ-বাণিজ্য খাতে বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় আসবে না।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব সামুদ্রিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রম পলিসি টু প্র্যাকটিস: পাওয়ারিং মেরিটাইম এক্সিলেন্স প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের নৌ-বাণিজ্য খাতে বিনিয়োগে সরকার আমন্ত্রণ জানাচ্ছে। চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও বে-টার্মিনাল উন্নয়নসহ বন্দর আধুনিকায়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।তিনি বলেন, আমরা মেরিনারদের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। একই সঙ্গে তাদের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে হবে।
মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণ শেষে জাহাজে চাকরির ক্ষেত্রে এক বছরের বাধ্যতামূলক প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, এই প্রশিক্ষণের সময় কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে সরকার নতুন করে উদ্যোগ নেবে। পাশাপাশি প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি জাহাজে চাকরি শুরুর সুযোগ তৈরি করা যায় কি না, সেটিও বিবেচনা করা হবে।বিদেশি জাহাজে চাকরির ক্ষেত্রে ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপরও গুরুত্ব দেন নৌপরিবহনমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬৪ কিলোগ্রামের কেক বানানোর মতো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সক্ষমতা থাকলেই অতিরিক্ত ব্যয় করতে হবে—এমন নয়। বিদেশের বিভিন্ন অনুষ্ঠানের উদাহরণ দিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলোতেও অনেক অনুষ্ঠানে খাবারসহ আয়োজন অত্যন্ত সাধারণভাবে করা হয়।
অনুষ্ঠানে মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম স্বাগত বক্তব্যে বলেন, নীতি থেকে বাস্তবায়ন এবং সম্ভাবনা থেকে উৎকর্ষের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে টেকসই অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ নেভিগেশন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি ৬৪ বছর ধরে মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে আসছে। একাডেমির প্রশিক্ষিত পাঁচ হাজারের বেশি মেরিনার দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও বিশ্বের বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া ১২৫ জনের বেশি নারী মেরিনার বর্তমানে বাণিজ্যিক জাহাজে দায়িত্ব পালন করছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শোভাযাত্রায় অংশ নেন এবং সফেদা, আমলকী ও আমড়া গাছের চারা রোপণ করেন। পরে কেক কেটে বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।