মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, মাদকসেবী ও কারবারিরা দেশ ও জাতির শত্রু। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। অভিভাবকদেরও সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারার বরুমচড়া সওদাগর দীঘির পাড়ে আনোয়ারা থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার জামাল নিজাম বলেন, মাদক সেবনকারী একসময় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মাদকের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা তৈরি হয়। তাই সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তিনি বলেন, পুলিশকে আমি বলে দিয়েছি, মাদক সেবন বা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে সে যার সন্তানই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে সীমান্তপথে মাদক প্রবেশের মাধ্যমে দেশের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের অপচেষ্টা চলছে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে মাদকের বিস্তার রোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।সমাবেশে প্রধান আলোচক ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী। বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর চৌধুরী, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের একান্ত সচিব আক্তারুন্নবী চৌধুরী, ৫ নম্বর বরুমচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এরফান, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিছুর রহমান চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।সমাবেশের আগে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি বরুমচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। বক্তারা মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
মাদকসেবী-বিক্রেতাদের কোনো ছাড় নয়: সরওয়ার জামাল নিজাম
প্রকাশিত হয়েছে-