মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তথ্যপ্রযুক্তি (আইসিটি), কারিগরি ও হাতে-কলমে শিক্ষায় দক্ষ করেগড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিন উদ্দিন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা পড়ালেখায় ভালো করে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে আনোয়ারা সরকারি কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইউএনও মোঃ মহিন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি আইসিটি নিয়েও মনোযোগ দিতে হবে। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, হাতে-কলমে শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি পড়ালেখায় ভালো করো এবং নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে আগামীর বাংলাদেশ তোমাদের মাধ্যমে এগিয়ে যাবে। দেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই। তাই সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান ও দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।অভিভাবকদের উদ্দেশে ইউএনও বলেন, সন্তানরা নিয়মিত কলেজে যাচ্ছে কি না, পড়ালেখায় মনোযোগী কি না এবং অবসর সময়ে কী করছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পরিবার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।সমাবেশে সভাপতির বক্তব্যে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমীন বলেন, আমরা শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে কলেজে স্পোকেন ইংলিশ, আইসিটি ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগবে এমন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে চাই।তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন, আপনাদের সন্তান কোথায় যায়, কেন যায় এবং নিয়মিত কলেজে আসে কি না, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। শুধু টিউশনি পড়লেই হবে না। কলেজে এসে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান নিতে হবে। শিক্ষার্থীরা যাতে নিয়মিত কলেজে আসে, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি তাদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমীন। আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর মোঃ হাসান।স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের শিক্ষক সুজন আচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদা ইয়াসমিন ও সাইয়েদুল আবরার।অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মোঃ সারওয়ার হোসেন মাসুদ ও মোঃ ফরিদুল আলম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাখাওয়াত হোসেন আকিব ও আফসানা আফরিন জেরিন।এ ছাড়া বক্তব্য দেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, ইমরান হোসেন, এম শফিউল আলম, আনিসুর রহমান, মোঃ হাশেম, মোঃ তারেক ও আরমান সায়েদ মাহিন।সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ, আইসিটি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়