মো. সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়া চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। শনিবার দিনব্যাপী তিনি বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।সকালে তিনি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে পরৈকোড়া ইউনিয়নে গিয়ে বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে যুবদল নেতা মো. শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত ২০০ বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর বরুমচড়া ইউনিয়নে ডোবার পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. ইশতিয়াকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিকেল ৩টায় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জোনায়েত চৌধুরী, সাহওয়াজ জামাল নিজাম সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জকু, যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা মোজাম্মেল হক, যুবদল নেতা মো. শাহাদাত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, “টানা বৃষ্টিতে আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। আমি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখছি এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে মানবিক দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ এ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব।
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আনোয়ারা-কর্ণফুলীতে পানিবন্দী মানুষের পাশে এমপি সরওয়ার জামাল নিজাম, দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে-