২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট নুরুল কবির রানা

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)

আসন্ন এইচএসসি-২০২৬ পরীক্ষাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ১০০ জন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর মাঝে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন চাতরী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এডভোকেট নুরুল কবির রানা।অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা, পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা সামগ্রী তুলে দিয়ে এডভোকেট নুরুল কবির রানা বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে পরিবার, সমাজ এবং জন প্রতিনিধিদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কোনো দান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে না পড়ে, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখব।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, পরীক্ষার আগে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ তাদের মনোবল বৃদ্ধি করবে এবং ভালো ফলাফল অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, পরীক্ষার আগে প্রয়োজনীয় সামগ্রী হাতে পাওয়ায় তাদের প্রস্তুতি আরও সহজ হবে। তারা এ উদ্যোগের জন্য এডভোকেট নুরুল কবির রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এডভোকেট নুরুল কবির রানার এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে এবং সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।