সাইফুল ইসলাম চট্টগ্রাম
অস্ত্র বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার হলো চীনে তৈরি রিভলবার আকৃতির লাইটার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে রিভলবার আকৃতির একটি লাইটার প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।কর্ণফুলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করে তাদের কাছ থেকে রিভলবারের আদলে তৈরি একটি ধাতব লাইটার উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা এলাকার মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন হৃদয় (১৯)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃত আগ্নেয়াস্ত্র নয়। এটি চীনে তৈরি বিউটেন গ্যাসচালিত একটি পুনর্ব্যবহারযোগ্য শৌখিন লাইটার, যা দেখতে অনেকটা রিভলবার পিস্তলের মতো। অভিযোগ রয়েছে, এটিকে আগ্নেয়াস্ত্র বলে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
পুলিশের ধারণা, অস্ত্র সদৃশ এ ধরনের বস্তু ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি আগ্নেয়াস্ত্র নয়, বরং রিভলবার আকৃতির একটি লাইটার। এটিকে অস্ত্র হিসেবে দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সাধারণ মানুষকে অস্ত্র বা মূল্যবান সামগ্রী কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সন্দেহজনক কোনো লেনদেন বা প্রতারণার তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।