২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দিপুমনি মার্কেট এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার আলোচিত ঘটনায় প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে আটক করা হয়।পুলিশ জানায়, গত ২২ জুন বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের দিপুমনি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহেলের চাচা মো. বদিউল আলম বাদী হয়ে ২৪ জুন আনোয়ারা থানায় একটি মামলা করেন। মামলায় গিয়াস উদ্দিনকে প্রধান আসামি এবং তাঁর বোন কহিনুর আক্তারকে অপর আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪, ৫০৬(২) ও ৩৪ ধারায় রুজু হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, সোহেলের পরিবারের সঙ্গে গিয়াস উদ্দিনের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিরোধ মীমাংসার কথা বলে সোহেল ও তাঁর মাকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন ধারালো ছুরি দিয়ে সোহেলের তলপেট, পা ও পিঠে একাধিকবার আঘাত করেন। ছেলেকে রক্ষা করতে গেলে সোহেলের মা ছেনোয়ারা বেগমও হামলার শিকার হন।মামলায় আরও অভিযোগ করা হয়েছে, অপর আসামি কহিনুর আক্তার হামলার সময় ছেনোয়ারা বেগমকে মারধর করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ভুক্তভোগীর কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যাওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।ঘটনার খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে। গুরুতর আহত সোহেল ও তাঁর মাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।দিনদুপুরে জনসম্মুখে সংঘটিত এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সার্বিক দিকনির্দেশনায়, আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস, এএসআই (নিঃ) মো. নুরুল আফছার ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সাতকানিয়ার মধ্যম দুরদুরী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আনোয়ারা থানা পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।