চট্টগ্রাম কন্ঠ :ডেস্ক
দৈনিক *অগ্রযাত্রা প্রতিদিন*-এ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চারজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনায় ,জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ,গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও অনুসন্ধানের ভিত্তিতে তুলে ধরা হয়েছে বলে জানা যায়। কিন্তু অভিযোগগুলোর বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা বা তথ্যগত জবাব প্রদান না করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রশ্নবিদ্ধ। বিশেষ করে একজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীর মাধ্যমে এ মামলা করানোর অভিযোগ সত্য হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি অশনিসংকেত।সাংবাদিকতার মূল শক্তি হলো সত্য অনুসন্ধান ও জনস্বার্থে তথ্য প্রকাশ। রাষ্ট্র, সরকার কিংবা ক্ষমতাবান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা কোনো অপরাধ নয়; বরং এটি একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের দায়িত্ব। সংবাদ প্রকাশের জবাবে মামলা, ভয়ভীতি বা হয়রানির আশ্রয় নেওয়া স্বাধীন মতপ্রকাশের পরিবেশকে সংকুচিত করে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে দুর্বল করে।জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ,মনে করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত এ ধরনের মামলা স্বাধীন সংবাদচর্চাকে নিরুৎসাহিত করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। আমরা অবিলম্বে এই মামলার বিষয়ে পুনর্বিবেচনা, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবি জানাচ্ছি।একই সঙ্গে দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, সুশীল সমাজ ও গণতন্ত্রমনা নাগরিকদের প্রতি আহ্বান জানাই-মুক্ত ও স্বাধীন গণমাধ্যম রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন।