৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় সিএনজি ছিনতাই ২৪ ঘণ্টার মধ্যে চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইফুল ইসলাম (আনোয়ারা ) 

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি চালককে নির্মমভাবে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকার মো. কাদের (১৯) ও নাহিদুল ইসলাম নাহিদ (২২)।পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা সিএনজি ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গুনাগড়ি সিএনজি স্টেশন থেকে দুই ব্যক্তি আনোয়ারার মালঘর বাজারে যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেয়। পথে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আরও দুই সহযোগী গাড়িতে ওঠে।পরবর্তীতে ৪ জুন দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর-বারখাইন সড়কের একটি নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক সাইফুদ্দিনকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে কিল-ঘুষিও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে সিএনজি অটোরিকশা, নগদ ৩ হাজার ২০০ টাকা এবং প্রায় ৩৩ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর সিএনজির মালিক গোলাম কুদ্দুস আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পরপরই পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর সার্বিক নির্দেশনায়, আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এবং আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে পুলিশ বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ এলাকা থেকে মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের দখল থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের সঙ্গে পরিকল্পিতভাবে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।আনোয়ারা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।