মোঃ সাইফুল ইসলাম: চট্টগ্রাম
“নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিজ্ঞায় বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন।অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। বুধবার (২০মে) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয় এ আয়োজন।“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”এই প্রতিপাদ্যকে ধারণ করেআয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশনেয় প্রশাসনেরকর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সকালে আনোয়ারা ফায়ার স্টেশন চত্বর থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আধুনিক দমকল যান, সচেতনতামূলক ব্যানার ও নিরাপত্তাবিষয়ক প্ল্যাকার্ড নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির মাধ্যমে অগ্নি ও দুর্যোগ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আনোয়ারা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় শুধু ফায়ার সার্ভিসের ভূমিকা যথেষ্ট নয়, বরং সাধারণ জনগণকে প্রাথমিক অগ্নিনির্বাপণ,উদ্ধারকৌশল ও নিরাপত্তা বিষয়ে সচেতন হতে হবে। জনসচেতনতা এবং সময়োপযোগী প্রস্তুতিই বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) দীপক ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি রূপ নেয় জনসচেতনতার এক ব্যতিক্রমধর্মী প্রচারণায়।সংশ্লিষ্টরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন অগ্নিনির্বাপণ মহড়া, উদ্ধার প্রশিক্ষণ, সচেতনতামূলক সভা ও জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দুর্যোগ প্রস্তুতি ও নিরাপত্তাবিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
প্রকাশিত হয়েছে-