২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবী প্রজন্ম গড়তে ভীতিমুক্ত পরিবেশ জরুরি: আনোয়ারায় এসএসসি কেন্দ্র পরিদর্শনে ডিসি

প্রকাশিত হয়েছে-

সাইফুল ইসলাম ( চট্টগ্রাম)
আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ।এই সময় তিনি বলেন, আমাদের সন্তানদের মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের জন্য নিরাপদ, ভীতিমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা যেন ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হতে পারে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোববার আনোয়ারা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।জেলা প্রশাসক জানান, নতুন ব্যবস্থাপনায় নকল মুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।ইংরেজি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা উদ্বেগ কাজ করে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয় বা সংকোচ অনুভব না করে, সেটি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। তিনি পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে প্রশ্নপত্রের মান ও পরীক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। এ সময় শিক্ষার্থীরা সন্তোষজনক পরিবেশে পরীক্ষা দিতে পারছে বলে জানায়।তিনি আরও বলেন, আনোয়ারাসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বত্রই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে জেলা প্রশাসক চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন