সাইফুল ,চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী নদীর পূর্বপাড়ে অবস্থিত টানেল সংলগ্ন নেভি এলাকায় আবারও একদল রোহিঙ্গার উপস্থিতির খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (আজ) সকাল আনুমানিক ৭টার দিকে নারী-পুরুষ ও শিশুসহ একটি দলকে শাহদাৎ নগর এলাকার জ্যাল্লেঘাটা এলাকায় অবস্থান করতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ করে কয়েকজন অপরিচিত মানুষ ওই এলাকায় এসে জড়ো হয়। তাদের ভাষা ও আচরণ দেখে এলাকাবাসীর সন্দেহ হয় তারা রোহিঙ্গা হতে পারে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দলের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।ধারণা করা হচ্ছে, তারা উপকূলীয় পথ বা নৌপথ ব্যবহার করে এলাকায় প্রবেশ করেছে। বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্ণফুলী টানেল সংলগ্ন সার্ভিস এরিয়া ও আশপাশের এলাকাকে অনেক সময় রোহিঙ্গাদের চলাচলের একটি সম্ভাব্য রুট হিসেবে ব্যবহার করা হয়।এর আগে আনোয়ারার পারকির চর ও টানেল সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৩৯ জন রোহিঙ্গাকে আটক করেছিল আনসার ব্যাটালিয়ন। পরে তাদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।এছাড়া বিভিন্ন সময় দালাল চক্রের সহায়তায় ভাসানচর বা উপকূলীয় এলাকা থেকে ছোট ছোট দলে পালিয়ে এসে চট্টগ্রাম ও ঢাকার দিকে ছড়িয়ে পড়ার চেষ্টা করে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে টানেল এলাকা ও উপকূলীয় অঞ্চলে রোহিঙ্গা চলাচলের ঘটনা মাঝেমধ্যে দেখা যাচ্ছে। এতে নিরাপত্তা ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আনোয়ারা টানেল নেভি এলাকায় আবারও রোহিঙ্গা আগমন
প্রকাশিত হয়েছে-