৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে কোনো ল্যাব টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন না। এছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন কেমিক্যাল রিএজেন্ট সংরক্ষণ করা হচ্ছিল। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বৈধ কেমিক্যাল রিএজেন্ট না থাকা সত্ত্বেও বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।